প্রধান খবর

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরা সঞ্জয়ের পরিচয়

গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার এক অনন্য ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয়। কানাডার টরন্টোতে অনুষ্ঠিত বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী হিসেবে বিশ্বমঞ্চ মাতালেন তিনি। একই সঙ্গে নিজের পোশাকে বাংলাদেশের জাতীয় প্রতীক ফুটিয়ে তুলে বিশ্ববাসীর কাছে দেশকে এক ভিন্ন উচ্চতায় উপস্থাপন করে ব্যাপক প্রশংসায় ভাসছেন এই তরুণ।

টরন্টো স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে সঞ্জয়ের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করেন বলিউডের নোরা ফাতেহি এবং ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিম। তারা একসঙ্গে ফিফার অফিশিয়াল গান ‘সির সির’ পরিবেশন করেন। তাদের এই চমৎকার পারফরম্যান্স স্টেডিয়ামে উপস্থিত লাখো দর্শকের মাঝে এক উৎসবমুখর ও উন্মাতাল পরিবেশের সৃষ্টি করে।

উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত বিষয়গুলোর একটি ছিল সঞ্জয়ের বিশেষভাবে তৈরি জ্যাকেটটি। তার জ্যাকেটের ডান হাতার অংশে নিখুঁত এমব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা এবং লাল-সবুজের জাতীয় পতাকার নকশা। পারফরম্যান্স চলাকালে সঞ্জয় বারবার নিজের হাতার দিকে ইঙ্গিত করে বিশ্ববাসীর সামনে দেশের এসব গর্বের প্রতীক তুলে ধরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আবেগঘন মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্বমঞ্চে দেশীয় সংস্কৃতি ও পরিচয়কে সগৌরবে তুলে ধরার জন্য নেটিজেনরা তার ভূয়সী প্রশংসা করছেন।

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই শিল্পীর জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে। শৈশবের একটি বড় অংশ চট্টগ্রামে কাটানোর পর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের চিরচেনা উপাদানকে আধুনিক ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশ্রিত করে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে নিজের একটি স্বতন্ত্র ধারা ও পরিচিতি গড়ে তুলেছেন।

বৈশ্বিক অঙ্গনে কাজ করলেও নিজের শেকড়কে কখনোই ভুলে যাননি সঞ্জয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এর থিম সং তৈরিতেও তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। এছাড়া ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের সঙ্গেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। দেশের সংগীতাঙ্গনের একাধিক জনপ্রিয় তারকা যেমন-হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানের সঙ্গেও বেশ কয়েকটি সফল গান উপহার দিয়েছেন তিনি। ২০২৪ সালে প্রকাশিত হাবিব ও মুজার সঙ্গে সঞ্জয়ের ‘একলা দুনিয়া’ গানটি ইউটিউবে ৩৭ লাখের বেশি বার দেখা হয়েছে। পাশাপাশি তাহসানের সঙ্গে ‘ভুলে যাব’ এবং জেফারের সঙ্গে ‘আড়ালে হারালে’ গান দুটিও শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে সঞ্জয় শুধু একজন সফল শিল্পী হিসেবেই নন, বরং বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয়কে আন্তর্জাতিক দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তার এই ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল অর্জনকে দেশের সংগীতপ্রেমীসহ সাধারণ মানুষ অত্যন্ত গর্বের সঙ্গে উদযাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *