প্রধান খবর

পশ্চিমবঙ্গে সরকার গঠনের পথে বিজেপি

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের চলমান ভোট গণনায় স্পষ্টভাবে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি), যা রাজ্যটিতে প্রথমবারের মতো সরকার গঠনের সম্ভাবনা তৈরি করেছে। প্রাপ্ত ফলাফলের প্রবণতা অনুযায়ী, বিজেপি ১৯৪টি আসনে এগিয়ে রয়েছে, যেখানে বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৯৬টি আসনে লিড ধরে রেখেছে।

২৯৪ আসনের এই বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। সে হিসাবে বিজেপি ইতোমধ্যে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করেছে বলে ধারণা করা হচ্ছে। এ প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তার দলই এবার পশ্চিমবঙ্গে সরকার গঠন করবে।

উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে বিজেপি মাত্র ৭৭টি আসন পেলেও তৃণমূল কংগ্রেস ২১৪টি আসনে জয়লাভ করে সরকার গঠন করেছিল। তবে এবারের নির্বাচনে ভোটের ধারা উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

সোমবার সকাল ৮টা থেকে কলকাতাসহ ২৩টি জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে ভোট গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, এরপর ধাপে ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর ভোট গণনা চলছে।

এবারের নির্বাচনে সংখ্যালঘু ভোটের প্রবণতায় পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত এই ভোটব্যাংকের একটি অংশ বিজেপির দিকে ঝুঁকেছে বলে বিভিন্ন গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। স্থানীয় ইস্যু, প্রার্থী নির্বাচন, দলীয় কোন্দল এবং কেন্দ্রীয় রাজনীতির প্রভাব সব মিলিয়ে এই পরিবর্তনের পেছনে একাধিক কারণ কাজ করেছে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *