দেশের বাজারে তেজাবী স্বর্ণের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় পুনরায় স্বর্ণের দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি পেয়ে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকায় নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) সকালে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে সংগঠনটি।
নির্ধারিত নতুন দামে ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, ৯ এপ্রিল সর্বশেষ স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছিল। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩২ বার দাম বৃদ্ধি এবং ২৩ বার হ্রাস করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার হ্রাস করা হয়েছিল।

