সারাদেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

সারা দেশে শুরু আজ থেকে হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হবে। প্রথম দিন হবে বাংলা বিষয়ের পরীক্ষা, চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

এর আগে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এই পরীক্ষার বিস্তারিত সূচি অনুমোদন দেওয়া হয়েছিল। অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি বিষয়ের জন্য আড়াই ঘণ্টা সময় বরাদ্দ করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

তবে ভৌগোলিক ও বিশেষ পরিস্থিতি বিবেচনায় দেশের তিন পার্বত্য জেলা—রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ভিন্ন সময়সূচি নির্ধারণ করেছে কর্তৃপক্ষ। পার্বত্য জেলাগুলোতে পরীক্ষা শুরু হবে আগামী ১৭ এপ্রিল প্রাথমিক গণিত বিষয়ের মাধ্যমে। এরপর পর্যায়ক্রমে ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে সেখানে এবারের আসর শেষ হবে।

অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য এবারও বিশেষ সুযোগ রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ধরনের পরীক্ষার্থীরা সাধারণ সময়ের তুলনায় অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি পাবে। সারা দেশে পরীক্ষার সার্বিক পরিবেশ সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি ও বিশেষ তদারকি টিমের ব্যবস্থা করা হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের মতে, দীর্ঘ বিরতির পর আবারও বৃত্তি পরীক্ষা চালুর এই সিদ্ধান্ত প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়াবে এবং তাদের আরও প্রতিযোগিতামূলক ও মনোযোগী করে তুলতে কার্যকর ভূমিকা রাখবে। প্রথম দিনের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল সন্তোষজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *