চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ন্যু ক্যাম্পে অপ্রত্যাশিত এক দিন কাটিয়েছে বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কাতালান ক্লাবটি। তাদের দাবি, অ্যাটলেটিকোর এক ফুটবলারের ইচ্ছাকৃত হ্যান্ডবলে পেনাল্টি প্রাপ্য ছিল, কিন্তু রেফারি ও ভিএআর হস্তক্ষেপ না করায় বড় ধরনের ভুল হয়েছে। এ ঘটনায় উয়েফার কাছে আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছে বার্সা।
বার্সেলোনার পক্ষ থেকে বলা হয়েছে, রেফারির সিদ্ধান্ত এবং ভিএআরের নীরবতা ম্যাচের গতিপথ বদলে দিয়েছে। তারা তদন্ত শুরু এবং প্রয়োজন হলে ভুল স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। ২০২৪ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে আর্সেনাল একই ধরনের ঘটনায় পেনাল্টি পেয়েছিল।
একই বছর আরেক ম্যাচে ক্লাব ব্রুগের বিপক্ষে অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও ডিফেন্ডার ট্রায়োনে মিংগসের অংশগ্রহণে ঘটে যাওয়া অনুরূপ ঘটনায় ভিএআর পেনাল্টির সিদ্ধান্ত দেয়। ফলে বার্সেলোনার দাবি, নিয়ম প্রয়োগে অসঙ্গতি রয়েছে এবং তাদের ম্যাচে ভিএআরের হস্তক্ষেপ না করা প্রশ্নবিদ্ধ।
চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ নকআউট পর্বে এমন বিতর্ক নতুন করে রেফারিং মান নিয়ে আলোচনা তৈরি করেছে।

