কড়াইল বস্তির দীর্ঘদিনের দুর্দশা ও অনিশ্চয়তার জীবন যেন বদলে যায় এমনই এক আশার কথা শুনলেন সেখানে বসবাসকারী মানুষরা। মর্যাদার সঙ্গে মাথা গোঁজার স্থায়ী ঠিকানা দিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই ঘোষণা দেন। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমান। বক্তব্যে তিনি জানান, রাজনীতি মানুষের জন্য করার অঙ্গীকার তাদের দলের পুরোনো নীতি। অতীতে ক্ষমতায় থাকাকালে জনগণের প্রতি দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলতে গিয়ে তারেক রহমান কিছুটা সতর্কভাবেই জানান, তার বক্তব্য নির্বাচনী আচরণবিধির আওতায় পড়ে কি না তা নিয়ে তার দ্বিধা রয়েছে। তবুও তিনি বলেন, মানুষের দোয়া ও আল্লাহর রহমত থাকলে তিনি কড়াইলবাসীর জন্য কয়েকটি বড় উদ্যোগ নিতে চান।
তার ভাষায়, কড়াইলের মানুষ বহু কষ্টে দিন কাটাচ্ছেন-এই বাস্তবতা তিনি জানেন। তাই ধীরে ধীরে সেই কষ্ট লাঘবের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, উঁচু বহুতল ভবন নির্মাণ করে কড়াইলবাসীর জন্য ফ্ল্যাট তৈরি করাই তার লক্ষ্য, যাতে তারা নিরাপদ ও সম্মানজনকভাবে বসবাস করতে পারেন।
এই প্রতিশ্রুতি কড়াইলের মানুষের জীবনে নতুন আশার আলো জ্বালিয়েছে যদিও বাস্তবায়ন কতটা এগোয়, তা সময়ই বলে দেবে।

