মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং লেবাননে ইসরায়েলি সামরিক অভিযানের প্রেক্ষাপটে চরম হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইসরায়েলকে একটি ‘অশুভ শক্তি’ এবং ‘মানবতার জন্য অভিশাপ’ হিসেবে অভিহিত করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক কড়া বার্তা দিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে খাজা আসিফ বলেন, “ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। যখন ইসলামাবাদে শান্তি আলোচনার প্রক্রিয়া চলমান, ঠিক সেই মুহূর্তে লেবাননে জঘন্য গণহত্যা চালানো হচ্ছে।” তিনি আরও উল্লেখ করেন যে, ইসরায়েলের হাতে নিরীহ বেসামরিক নাগরিকরা প্রাণ হারাচ্ছেন—প্রথমে গাজায়, এরপর ইরানে এখন লেবাননে অবিরাম এই রক্তপাত চলছে।
প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ কেবল ইসরায়েলি কার্যক্রমের ওপরই ক্ষোভ প্রকাশ করেননি, বরং এই রাষ্ট্র সৃষ্টির নেপথ্যে থাকা শক্তিগুলোরও সমালোচনা করেছেন। তিনি বলেন, “যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার উদ্দেশ্যে ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে, তারা যেন জাহান্নামে জ্বলে।”
খাজা আসিফের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতা শুরু হতে যাচ্ছে। সেখানে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা শান্তি আলোচনায় বসতে যাচ্ছেন। এই গুরুত্বপূর্ণ আলোচনার ঠিক আগমুহূর্তে দেশটির একজন শীর্ষ মন্ত্রীর এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বিশ্লেষকরা বলছেন, খাজা আসিফের এই বক্তব্য কেবল ব্যক্তিগত ক্ষোভ নয়, বরং এটি মধ্যপ্রাচ্য ইস্যুতে পাকিস্তানের দীর্ঘকালীন কঠোর কূটনৈতিক অবস্থান ও বর্তমান জনমতের প্রতিফলন। গাজা ও লেবাননে ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক হস্তক্ষেপের ফলে মুসলিম বিশ্বের মধ্যে যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যে তারই বহিঃপ্রকাশ ঘটেছে। এই মন্তব্য ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকার ওপর কোনো প্রভাব ফেলে কি না, সেটিই এখন দেখার বিষয়।

