প্রধান খবর

ইতালি জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন অ্যালেগ্রি এসি মিলানেই থাকতে চান অভিজ্ঞ কোচ

ইতালি জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে চলা জল্পনা–কল্পনার অবসান ঘটালেন মাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—ইতালির দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন, বরং এসি মিলানের কোচ হিসেবেই থাকতে চান।

ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়ায় জেনারো গাত্তুসো পদত্যাগ করেন। এরপর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে অ্যালেগ্রি ও নাপোলির কোচ অ্যান্টোনিও কন্তের নাম আলোচনায় আসে।

রোববার সিরি–আ লিগে ভেরোনার বিপক্ষে ম্যাচের আগে সাংবাদিকদের অ্যালেগ্রি বলেন, “আমার ক্যারিয়ারই বলে দেয়—ঘন ঘন কাজ পরিবর্তন করা আমার স্বভাব নয়।”

৫৮ বছর বয়সী অ্যালেগ্রি প্রথমবার মিলানের কোচ ছিলেন ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এরপর তিনি জুভেন্তাসে যোগ দিয়ে পাঁচ বছর সফল সময় কাটান। ২০২১ সালে বিরতির পর আবার জুভেন্তাসে ফিরলেও তিন বছর পর তাকে বরখাস্ত করা হয়।

বর্তমানে তিনি মিলানের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সেখানেই থাকতে চান বলে জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *