জাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলীয় জোট। বৃহস্পতিবার সন্ধ্যা ৫টা ৫৬ মিনিটে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউট ঘোষণা করেন এবং জোটের সংসদ সদস্যদের নিয়ে অধিবেশন ত্যাগ করেন।
ওয়াকআউটের আগে তিনি বলেন, বিরোধীদলের যৌক্তিক আপত্তি সত্ত্বেও কয়েকটি “গণবিরোধী বিল” পাস করা হয়েছে। তিনি স্পষ্ট করে জানান, এসব বিলের দায় বিরোধী দল নিতে চায় না, তাই তারা সংসদ থেকে বের হয়ে যাচ্ছেন।
বিরোধী দল অধিবেশন ত্যাগ করার পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন প্রণয়নের প্রতিটি ধাপে ফাস্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিংবিরোধী দল সহযোগিতা করেছে এবং কেউ কেউ হাত তুলে সমর্থনও দিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, সব প্রক্রিয়ায় অংশ নেওয়ার পর ওয়াকআউটের অর্থ কতটা যৌক্তিক। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, মাগরিবের নামাজের পর বিরোধী দল আবার অধিবেশনে যোগ দেবে।
সংসদে বিরোধী দলের ধারাবাহিক ওয়াকআউট রাজনৈতিক অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে বলে সংসদীয় মহলে আলোচনা চলছে।

