দেশে হামের প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে মাত্র ২৬ দিনের ব্যবধানে নিশ্চিত হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ১৬৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২ হাজার ২৪১ জন শিশু। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং নিশ্চিত আক্রান্ত হয়ে আরও ১ জনসহ মোট ৭ শিশুর মৃত্যু হয়েছে। বিশ্লেষণে দেখা যায়, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত সারাদেশে নিশ্চিত হামে ২৩ জন এবং সন্দেহজনক উপসর্গে আরও ১৪৩ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিত আক্রান্তের সংখ্যা ২ হাজার ২৪১ জন এবং সন্দেহজনক আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩২০ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম অত্যন্ত সংক্রামক রোগ এবং টিকাদানের ঘাটতি, অপুষ্টি ও ঘনবসতিপূর্ণ পরিবেশে দ্রুত ছড়িয়ে পড়ে। তাই আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসা এবং টিকাদান কর্মসূচি জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

