গ্রিনল্যান্ডের মালিকানা প্রশ্নে রাশিয়ার কোনো উদ্বেগ নেই বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যকার এই বিরোধ সম্পূর্ণভাবে দুই দেশের অভ্যন্তরীণ বিষয়। তবে তিনি গ্রিনল্যান্ডকে ঘিরে দেশ দুটির ঐতিহাসিক আচরণের কঠোর সমালোচনা করেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার আগ্রহকে কেন্দ্র করে ওয়াশিংটন ও ইউরোপের মধ্যে যে কূটনৈতিক দূরত্ব তৈরি হয়েছে, তা মস্কো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
দাভোসে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প জানান, গ্রিনল্যান্ড দখলের উদ্দেশ্যে শুল্ক আরোপ বা শক্তি প্রয়োগের কোনো পরিকল্পনা নেই। বরং ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত এই অঞ্চলকে কেন্দ্র করে একটি সমঝোতার সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়ে পুতিন বলেন, গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার মার্কিন উদ্যোগে রাশিয়ার আপত্তি নেই। তাঁর ধারণা, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির বাজারমূল্য প্রায় ১০০ কোটি ডলার হতে পারে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, গ্রিনল্যান্ডের ঘটনাপ্রবাহ রাশিয়ার জন্য কোনো উদ্বেগের কারণ নয়। ডেনমার্কের সমালোচনা করে তিনি বলেন, দেশটি দীর্ঘদিন ধরে গ্রিনল্যান্ডকে উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে এবং দ্বীপটির প্রতি তাদের আচরণ ছিল কঠোর ও অনেক ক্ষেত্রে নিষ্ঠুর। যদিও বর্তমানে এই বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তেমন গুরুত্ব পাচ্ছে না।
ইউক্রেনকে ডেনমার্কের সামরিক ও আর্থিক সহায়তা মস্কোর অসন্তোষ বাড়িয়েছে। একই সময়ে ট্রাম্পের মন্তব্যে গ্রিনল্যান্ডের ওপর রাশিয়ার আগ্রহ রয়েছে এমন ইঙ্গিত পাওয়া গেলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বিরক্তি প্রকাশ করে। তবে ট্রাম্পের ব্যক্তিগত সমালোচনা থেকে তারা বিরত থাকে, কারণ তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেন, সম্পদসমৃদ্ধ গ্রিনল্যান্ড ডেনমার্কের কোনো ‘স্বাভাবিক অংশ’ নয়। উল্লেখ্য, দ্বীপটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আগে থেকেই রয়েছে। এ প্রসঙ্গে পুতিন আলাস্কা ও ভার্জিন দ্বীপপুঞ্জ বিক্রির ঐতিহাসিক নজির তুলে ধরে বলেন, মুদ্রাস্ফীতি, আয়তন ও স্বর্ণমূল্যের ভিত্তিতে হিসাব করলে গ্রিনল্যান্ডের সম্ভাব্য মূল্য প্রায় ১০০ কোটি ডলার হতে পারে যা যুক্তরাষ্ট্রের পক্ষে পরিশোধ করা সম্ভব।
সবশেষে পুতিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক নিজেদের মধ্যেই এই বিরোধের সমাধান করবে।

