দখলদার ইসরায়েলের ব্যাপক হামলায় লেবাননের চার সেনা নিহত হয়েছেন। বুধবার বৈরুতসহ বিভিন্ন এলাকায় চালানো এই হামলায় মোট দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক হাজারেরও বেশি। ধ্বংসস্তূপে আটকে থাকা আরও অনেক মানুষের সন্ধান না মেলায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। এই চুক্তির পর ইরানে হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আর ইরানও পাল্টা হামলা স্থগিত করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ মধ্যস্থতা করে জানান, লেবাননও এই যুদ্ধবিরতির আওতায় থাকবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তা অস্বীকার করেন। এর পরপরই লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা শুরু হয়, যাতে দুই শতাধিক মানুষ নিহত হন এবং চার লেবাননি সেনা প্রাণ হারান।
এদিকে ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতে দেশটিতে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম। ফরেনসিক বিভাগের প্রধানের বরাত দিয়ে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৪০ শতাংশের পরিচয় শনাক্ত করা গেছে এবং বাকি মরদেহ শনাক্তে পরীক্ষা চলছে। ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া হামলায় দেশটির সামরিক স্থাপনা ছাড়াও বেসামরিক এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে ওঠায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

