প্রধান খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রোববার স্থানীয় সময় বেলা ১১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সরকার গঠন ও দেশের প্রধানমন্ত্রী হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত। সৌদি যুবরাজের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি জানিয়েছে । এসময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী এবং সৌদি রাষ্ট্রদূত দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা, জনশক্তি রপ্তানি এবং জ্বালানি খাতে বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয় বৈঠকে।

সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশের নতুন সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগে অফিস করতে আসেন। এ সময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *