প্রধান খবর

নির্ধারিত সময় পার: কার্যকারিতা হারাল গণভোট অধ্যাদেশ

জাতীয় সংসদের অনুমোদন বা রহিতকরণ ছাড়াই সময়সীমা পার হওয়ায় কার্যকারিতা হারিয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ‘গণভোট অধ্যাদেশ’ এবং ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’সহ গুরুত্বপূর্ণ ১৩টি আইন। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৩০ দিনের মধ্যে এসব অধ্যাদেশ পাস বা রহিতকরণ বিল আনার নিয়ম থাকলেও শুক্রবার সেই সময়সীমা অতিক্রান্ত হয়েছে।

সংবিধানের নিয়ম অনুযায়ী, সংসদ না থাকা অবস্থায় রাষ্ট্রপতি যেসব অধ্যাদেশ জারি করেন, তা সংসদের প্রথম বৈঠকে উত্থাপনের ৩০ দিনের মধ্যে অনুমোদন করতে হয়। গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম বৈঠকে অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১১৩টি অধ্যাদেশ সংসদ অনুমোদন দিলেও বাকি ২০টি অধ্যাদেশ কার্যকারিতা হারাচ্ছে। এর মধ্যে ৭টি অধ্যাদেশ রহিতকরণ বিলের মাধ্যমে বাতিল করা হলেও ১৩টি অধ্যাদেশের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সংসদ।

সবচেয়ে আলোচিত ‘গণভোট অধ্যাদেশ’টি অকার্যকর হওয়ায় গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংবিধান সংশোধনী সংক্রান্ত গণভোটের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার অবকাশ তৈরি হয়েছে। এছাড়া গুম প্রতিরোধ ও প্রতিকার সংক্রান্ত দুটি অধ্যাদেশ, দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা সংক্রান্ত দুটি অধ্যাদেশ এবং আলোচিত পুলিশ কমিশন অধ্যাদেশও অকার্যকর হয়ে পড়েছে।

শুরু থেকেই বিএনপি এই প্রক্রিয়ার বিরোধিতা করে আসছিল। দলটির স্থায়ী কমিটির সদস্য ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’-কে ‘জাতীয় প্রতারণা’ বলে আখ্যা দিয়েছিলেন। বিএনপির মতে, সংসদ না থাকা অবস্থায় সংবিধান সংশোধনের আদেশ জারির কোনো আইনি ভিত্তি নেই। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১-দলীয় জোটের সদস্যরা এই প্রক্রিয়ায় সমর্থন দিয়ে আসছিলেন।

অধ্যাদেশগুলো অনুমোদনের শেষ দিন ছিল শুক্রবার। এ কারণে সরকারি ছুটির দিনের সকাল–বিকেল দুই বেলা সংসদের বৈঠক বসে। শেষ দিনে ২৪টি গুরুত্বপূর্ণ বিল পাস হয়, এগুলোর মধ্যে আছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল, বাংলাদেশ বনশিল্প করপোরেশন বিল, বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) বিল, আমানত সুরক্ষা বিল, দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) বিল, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, গ্রামীণ ব্যাংক (সংশোধন) বিল, বাংলাদেশ ব্যাংক (সংশোধন) বিল, ব্যাংক রেজোল্যুশন বিল, অর্থ (২০২৫-২৬ অর্থবছর) বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, বিশ্ববিদ্যালয়সংক্রান্ত কতিপয় আইন (সংশোধন) বিল, জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা বিল, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল, নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) বিল, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংরক্ষণ) বিল, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল। ।

তবে বিশেষ কমিটির সুপারিশ থাকা সত্ত্বেও পুলিশ কমিশন বা গণভোট অধ্যাদেশ পাসের জন্য কোনো বিল শেষ মুহূর্ত পর্যন্ত উত্থাপন করা হয়নি। বিশ্লেষকদের মতে, গণভোট অধ্যাদেশটি অকার্যকর হয়ে পড়ায় জুলাই সনদের অধীনে নেওয়া পরবর্তী পদক্ষেপগুলো আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *