প্রধান খবর

দেশে হামের ভয়াবহ প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু

দেশজুড়ে হামের প্রকোপ ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মাত্র তিন সপ্তাহের ব্যবধানে দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১৩৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ১১ হাজার ১৩৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৪৮ জন।

অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৭ হাজার ৫৭৭ জন রোগী ভর্তি হয়েছেন। ল্যাবরেটরি পরীক্ষায় এর মধ্যে ১ হাজার ৫৯৯ জনের দেহে নিশ্চিতভাবে হাম ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। তবে আশার কথা হলো, আক্রান্তদের মধ্যে ৫ হাজার ২৪১ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে হামের এই দ্রুত বিস্তার এবং উচ্চ মৃত্যুহার জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি তৈরি করেছে। বিশেষ করে যারা নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় আসেনি, তারা বেশি আক্রান্ত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে নজরদারি বাড়ানো হয়েছে এবং আক্রান্ত শিশুদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *