প্রধান খবর

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা : রিজভী

বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্থাপিত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এ অভিযোগকে রাজনৈতিকভাবে পরিকল্পিত ‘হাইপার প্রোপাগান্ডা’র অংশ হিসেবে উল্লেখ করেন।

শনিবার (২৪ জানুয়ারি) প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে রাজধানীর বনানীতে তাঁর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন। তিনি জানান, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই এবং রাজনৈতিক প্রতিপক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

আরাফাত রহমান কোকোর প্রসঙ্গে রিজভী বলেন, সক্রিয় রাজনীতিতে যুক্ত না থেকেও কেবল জিয়া পরিবারের সদস্য হওয়ার কারণে তিনি দীর্ঘদিন নিপীড়নের শিকার হন। ওয়ান-ইলেভেন ও পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে শারীরিক ও মানসিক নির্যাতনের ফলেই তাঁর অকাল মৃত্যু হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

উত্তরবঙ্গ সফর স্থগিতের বিষয়ে রিজভী বলেন, নির্বাচন কমিশনের অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারেক রহমান ওই সফর স্থগিত করেছিলেন। পরবর্তীতে নির্বাচন কমিশনের বিধিবিধান অনুসরণ করেই তিনি রাজনৈতিক প্রচারণা পরিচালনা করেন।

রিজভী আরও মন্তব্য করেন, তারেক রহমানের নেতৃত্বগুণ ও রাজনৈতিক বক্তব্যে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ মহল উদ্দেশ্যমূলকভাবে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *