প্রধান খবর

ঢাকা-১৫ আসনে প্রচারণায় নেমেছেন দুই শফিক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা–১৫ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু হয়েছে। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলটির আমির ডা. শফিকুর রহমান এবং বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। বৃহস্পতিবার বিকেলে উভয় প্রার্থীই পৃথক কর্মসূচির মাধ্যমে প্রচারণায় নামেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী ডা. শফিকুর রহমান রাজধানীর মিরপুর এলাকায় জনসভায় অংশ নিয়ে প্রচার শুরু করেন। মিরপুর–১০ গোলচত্বর সংলগ্ন এলাকায় আয়োজিত এ সমাবেশে দল ও জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির মাধ্যমে রাজধানী থেকে জামায়াতের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করা হয়।

অন্যদিকে বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন দুপুরে তালতলা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন। তিনি মিরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পরিভ্রমণ করে প্রচার কার্যক্রম পরিচালনা করেন। উভয় পক্ষই ঢাকা–১৫ আসনকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ মনে করে ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে।

উল্লেখ্য, ঢাকা–১৫ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মিরপুর ও কাফরুল এলাকার একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত। রাজধানীর গুরুত্বপূর্ণ এই আসনকে ঘিরে নির্বাচনী প্রতিযোগিতা ইতোমধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *