প্রধান খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় তিনি শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্বত্যাগের আবেদনপত্র দাখিল করেন। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা আ ন ম এহসানুল হক মিলন-এর নিকট পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

উপাচার্যের ব্যক্তিগত সচিব ও উপাচার্য কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আব্দুর রহমান নিশাত বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, উপাচার্য সকালে মন্ত্রণালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র দাখিল করেছেন।

এর আগে উপাচার্যের পদত্যাগ নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়। পরবর্তীতে আয়োজিত সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করলে তারা যেন নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনিক কাঠামো বিন্যাস করতে পারে এই প্রত্যাশা থেকেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

দায়িত্বকালীন বিভিন্ন অর্জনের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনঃপ্রতিষ্ঠা, হল সংসদসমূহের কার্যকরতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের অধিকার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থানও সুদৃঢ় হয়েছে; টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিংয়ে প্রায় ২০০ ধাপ উন্নতি, বিদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৬০ শতাংশ বৃদ্ধি এবং গবেষণা ও প্রকাশনার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, প্রায় ২ হাজার ৮৪১ কোটি টাকার একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে, যা আবাসন, একাডেমিক ভবন ও গবেষণা অবকাঠামোর ঘাটতি লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বিশেষ ও আপৎকালীন প্রেক্ষাপটে তিনি উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। সে সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম স্থবির ছিল এবং প্রশাসনিক কাঠামো কার্যত অকার্যকর হয়ে পড়েছিল। দায়িত্ব গ্রহণের পর প্রাথমিকভাবে একাডেমিক কার্যক্রম পুনরুদ্ধার ও প্রশাসনিক স্থিতিশীলতা প্রতিষ্ঠাকেই অগ্রাধিকার দেওয়া হয় বলে তিনি উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *