ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষে সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী বাংলাদেশি শাহ আলমের মরদেহ দেশে আনা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মরদেহ গ্রহণ করে পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করে।
আমিরাতের বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল ফুজাইরার দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিরোধের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে শাহ আলম নিহত হন।
ঘটনাটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া ফেলেছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

