প্রধান খবর

আইসিসির কড়া বার্তা: একদিনের আলটিমেটাম পেলো বাংলাদেশ

২০২৬ সালের আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যকার অচলাবস্থা আরও ঘনীভূত হয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশের অবস্থান বিষয়ে আইসিসি বোর্ডের এক জরুরি বৈঠকে বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়।

আইসিসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সূচি অনুযায়ী ভারতে গিয়ে খেলতে অস্বীকৃতি বজায় রাখলে বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পক্ষে বোর্ডের অধিকাংশ সদস্য মত দিয়েছেন। এ বিষয়ে বিসিবিকে বাংলাদেশের সরকারের কাছে আইসিসির অবস্থান স্পষ্টভাবে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

আইসিসি বিসিবিকে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে একদিন সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পাওয়া গেলে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

এদিকে আইসিসির একাধিক শীর্ষ কর্মকর্তা ও পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। পাশাপাশি ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ নিরসনে আইসিসির পক্ষ থেকে আলোচনা ও ঝুঁকি মূল্যায়নের কথাও উঠে আসে।

উল্লেখ্য, বাংলাদেশ গ্রুপ ‘সি’-তে রয়েছে এবং সূচি অনুযায়ী তাদের একাধিক ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরিস্থিতিতে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *