চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও মব সৃষ্টিসহ যে কোনো অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন নেই এমন নির্দেশনা দিয়েছেন বাহারুল আলম। রোববার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, আইন মেনে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন।
বাংলাদেশ পুলিশ সদরদপ্তর সূত্র জানায়, বৈঠকে ৬৪ জেলার পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনারসহ বিভিন্ন ইউনিটপ্রধান যুক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাস ও বিশৃঙ্খলার ঘটনায় দ্রুত আইন প্রয়োগে বাধার বিষয়টি উঠে আসে। এ প্রেক্ষাপটে আইজিপি কঠোর অবস্থানের বার্তা দেন।
বৈঠকে ওসি পদায়ন, সংসদ সদস্যদের গানম্যান চাওয়ার বিষয়, মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানবাহন সংকট নিয়েও আলোচনা হয়। আইজিপি বলেন, মহাসড়কে ডাকাতি কোনোভাবেই সহ্য করা হবে না; এ ক্ষেত্রে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এ ছাড়া কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা রোধে কঠোর আইন প্রয়োগের নির্দেশ দেওয়া হয়। সভায় বডি ওর্ন ক্যামেরা ব্যবহার, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে জোরদার পদক্ষেপ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা বিষয়ে বিদ্যমান নীতিমালা অনুসরণের কথা পুনর্ব্যক্ত করা হয়।

