প্রধান খবর

মোস্ট ওয়ান্টেড ‘এল মেনচো’ নিহতের ঘটনায় মেক্সিকোতে সহিংসতা

মেক্সিকোর অন্যতম শক্তিশালী অপরাধী সংগঠন ‘জালিস্কো নিউ জেনারেশন কার্টেল’ (সিজেএনজি)-এর প্রধান ‘এল মেনচো’ নামে পরিচিত নেমেসিও রুবেন ওসেগুয়ারা সার্ভান্তেস নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন। মোস্ট ওয়ান্টেড এই মাদক সম্রাটের মৃত্যুতে মেক্সিকোর অন্তত ছয়টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে।

রোববার দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য জালিস্কোর তাপালপা শহরে সেনাদের সঙ্গে সংঘর্ষে ৫৯ বছর বয়সী ওসেগুয়ারা গুরুতর আহত হন এবং পরে হেলিকপ্টারে করে মেক্সিকো সিটিতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ওসেগুয়ারার মাথার ওপর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ১ কোটি ৫০ লাখ ডলারের পুরস্কার ঘোষণা করা ছিল।

তার মৃত্যুর খবর প্রকাশের পরপরই মেক্সিকোর অন্তত ছয়টি রাজ্যে নজিরবিহীন সহিংসতা ছড়িয়ে পড়েছে। কার্টেল সদস্যরা জালিস্কো, কলিমা, মিচোয়াকান, নায়ারিত, গুয়ানাহুয়াতো এবং তামাউলিপাস রাজ্যের প্রধান সড়কগুলোতে গাড়ি পুড়িয়ে এবং বন্দুকধারীদের মাধ্যমে অবরোধ সৃষ্টি করেছে।

মূলত, এ ঘটনাকে কেন্দ্র করে মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে সহিংসতা চালায় সিজেএনজি চক্রের সদস্যরা। জালিক্সোর পাশাপাশি তামাউলিপাস, মিচোয়াকান, গুয়েরেরো’সহ বেশ কয়েকটি রাজ্যে তাণ্ডব চালানো হয়। আগুন দেয়া হয় বিভিন্ন স্থাপনা এবং যানবাহনে। এসময় নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষও হয় কার্টেলটির সদস্যদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *