উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফের দ্বিতীয় লেগে ইন্টার মিলান-এর সামনে বাঁচা-মরার লড়াই। নকআউট পর্বে যেতে হলে বোদোর বিপক্ষে বড় ব্যবধানে জিততেই হবে। অন্য ম্যাচে মাঠে নামবে অ্যাথলেটিকো মাদ্রিদ, নিউক্যাসল ইউনাইটেড ও বায়ার লেভারকুসেন।
সিরি-এ’তে দুর্দান্ত ফর্মে টেবিলের শীর্ষে রয়েছে ইন্টার মিলান। তবে চ্যাম্পিয়ন্স লিগে কঠিন পরীক্ষার মুখে ইতালিয়ান জায়ান্টরা। রাউন্ড অব সিক্সটিনে জায়গা পেতে জয়ের কোনো বিকল্প নেই তাও বড় ব্যবধানে।
শনিবার লিগ ম্যাচে লেচ্চের বিপক্ষে জিতে আত্মবিশ্বাসী নেরাজ্জুরিরা। তবে চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগে বোদোর কাছে ৩-১ গোলের হারের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে ইন্টার কোচ ক্রিশ্চিয়ান চিভু-কে। ডু-অর-ডাই ম্যাচে নরওয়ের ক্লাবটিকে সমীহ করছেন তিনি।
ইন্টার মিলানের কোচ ক্রিস্টিয়ান চিভু বলেন, প্রথম লেগে বোদোর বিপক্ষে হার অপ্রত্যাশিত ছিল না। তারা শক্তিশালী দল। ম্যানসিটির মতো ক্লাবকে হারিয়েছে, মাদ্রিদেও জয় পেয়েছে। আমরা আগের ম্যাচের হার ভুলে যেতে চাই। আশা করি, পরের ম্যাচে একই ঘটনার পুনরাবৃত্তি হবে না। লিগ ম্যাচে জয়ের ফলে ছেলেরা আত্মবিশ্বাসী।
নকআউট পর্বে উঠতে অ্যাথলেটিকো মাদ্রিদ-এর সামনেও বড় চ্যালেঞ্জ। ড্র বা হার নয় ক্লাব ব্রুগার বিপক্ষে জয়ই প্রয়োজন তাদের। শেষ ষোলোয় যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী অ্যাথলেটিকোর কোচ দিয়েগো সিমিওনে। অন্যদিকে, ক্লাব ব্রুগা-র হারানোর কিছু নেই।
অ্যাথলেটিকোর কোচ সিমিওনে বলেন, ক্লাব ব্রুগায় বেশ কয়েকজন তরুণ ফুটবলার রয়েছে। নতুন কোচের অধীনে তারা ভালো করছে। ঘরের মাঠে তাদের ফলও ভালো। তবে তাদের হারানোর সামর্থ্য আমাদের আছে। আশা করি, পরের লেগে আমরা জিতব।
ক্লাব ব্রুগার কোচ ইভান লেকো বলেন, আমাদের হারানোর কিছু নেই। আমরা ইউরোপীয় ফুটবলে চমক দেখাতে চাই। সিমিওনে অন্যতম সেরা কোচদের একজন। তার শিষ্যদের হারানো সহজ নয়।
প্রথম লেগে দুই দলের ম্যাচ ৩-৩ গোলে ড্র হয়েছিল।

