হরমুজ প্রণালিতে মাইন অপসারণ শুরু করেছে যুক্তরাষ্ট্র

    গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথ হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। প্রাথমিক পর্যায়ে দুটি রণতরী মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। সেন্টকোমের মতে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কোথায় কোথায় মাইন পেতেছে, তার সঠিক রেকর্ড নেই। যেসব স্থানের তথ্য রয়েছে, সেগুলোর অনেক মাইনই সরে গেছে বা ভেসে গেছে, ফলে শনাক্তকরণ এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে।

    মার্কিন প্রেসিডেন্ট গতকাল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, হরমুজ প্রণালি থেকে মাইন অপসারণের কাজ শুরু হয়েছে এবং শিগগিরই মাইন বিধ্বংসী যন্ত্রচালিত নৌযানও পাঠানো হবে। সেন্টকোম এক্সে পোস্ট করে জানিয়েছে, ইউএসএস ফ্র্যাঙ্ক পিটারসন এবং ইউএসএস মাইকেল মারফি ইতোমধ্যে হরমুজের উদ্দেশে রওনা দিয়েছে। তাদের ভাষায়, আইআরজিসির পেতে রাখা মাইন থেকে প্রণালিকে সম্পূর্ণরূপে মুক্ত করার বৃহত্তর অভিযানের অংশ হিসেবেই এই জাহাজগুলো পাঠানো হয়েছে।

    একই দিন পৃথক বিবৃতিতে সেন্টকোমের শীর্ষ কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেন, তারা একটি নতুন নৌপথ তৈরির প্রক্রিয়া শুরু করেছেন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে শিগগিরই এই পথ বেসামরিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

    উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ জারির অংশ হিসেবে আইআরজিসি সেখানে জলমাইন পেতে রাখে। তবে এখন ইরানের প্রতিরক্ষা বাহিনী নিজেই নিশ্চিত নয়, কোন কোন স্থানে মাইন রয়েছে।

     

     

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *