নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নে ফুটবল খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলো— আদনান (১০) ও আব্রাহাম (৭)। তারা স্থানীয় একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টার দিকে কাঁচপুর ইউনিয়নের রায়েরটেক গ্রামের মাহবুব খানের বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা মেহেরপুর জেলার পিরোজপুর এলাকার বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। জীবিকার তাগিদে জিয়াউর রহমান সিদ্ধিরগঞ্জ ইপিজেডে কর্মরত থাকায় পরিবারটি গত চার বছর ধরে কাঁচপুরের নিজাম খানের বাড়িতে ভাড়া থাকছিল।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দুই ভাই বাড়ির পাশে পুকুরপাড়ে ফুটবল নিয়ে খেলতে যায়। খেলার একপর্যায়ে তাদের ফুটবলটি পুকুরের পানিতে পড়ে গেলে ছোট ভাই আব্রাহাম সেটি তুলতে যায়। তাকে তলিয়ে যেতে দেখে বড় ভাই আদনান বাঁচাতে এগিয়ে গেলে দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়।
দীর্ঘক্ষণ তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। প্রত্যক্ষদর্শী রনি হোসেন জানান, এক নারীর আর্তচিৎকার শুনে স্থানীয়রা পুকুরে ঝাঁপিয়ে পড়েন। দীর্ঘক্ষণ তল্লাশির পর একে একে দুই ভাইয়ের নিথর দেহ উদ্ধার করে এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে তাদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) ইমরান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি অত্যন্ত হৃদয়বিদারক। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
সন্তান হারিয়ে শোকে পাথর পিতা জিয়াউর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “দুই ছেলেই ফুটবল নিয়ে খেলতে গিয়েছিল। কিন্তু সেই ফুটবলই যে তাদের প্রাণ কেড়ে নেবে, তা কখনো কল্পনা করিনি।”

