বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস এসোসিয়েশন সুপ্রিম কোর্ট সচিবালয় বিষয়ক এক সংবাদকে ‘অসম্পূর্ণ ও বাস্তবতাবিবর্জিত’ উল্লেখ করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসাইন এবং মহাসচিব মোহাম্মদ মোস্তাফিকুর রহমান এক যৌথ বিবৃতিতে এ অবস্থান তুলে ধরেন।
বিবৃতিতে বলা হয়, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে বিচারকদের মধ্যে কোনো ধরনের বিভক্তি নেই। বরং বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক ও আর্থিক স্বাধীনতা, জবাবদিহিতা এবং কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করার লক্ষ্যে সংগঠনের সব সদস্য ঐক্যবদ্ধভাবে এ উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন।
এছাড়া, গণমাধ্যমে প্রকাশিত ভার্চুয়াল সভায় মতবিরোধের যে চিত্র তুলে ধরা হয়েছে, তা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও দাবি করা হয়। সংগঠনটির মতে, উক্ত সভায় কোনো ধরনের নীতিগত বিরোধ বা বিভাজন দেখা যায়নি।
সংগঠনটি বিশ্বাস করে, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা বিচার বিভাগের স্বাধীনতা আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট অধ্যাদেশ দ্রুত পর্যালোচনা শেষে আইন হিসেবে প্রণয়নের প্রত্যাশাও ব্যক্ত করা হয়েছে।

