প্রধান খবর

সুদানের বাজারে ড্রোন হামলা, নিহত ২৮

সুদানের দক্ষিণাঞ্চলীয় উত্তর কোরদোফান রাজ্যের একটি জনবহুল বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। স্থানীয় মানবাধিকার সংগঠন ‘ইমার্জেন্সি ল’ইয়ার্স’ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। আনাদোলু এজেন্সির বরাতে মিডল ইস্ট মনিটর এ খবর প্রকাশ করে।

সংগঠনটির বিবৃতি অনুযায়ী, কোরদোফানের আল-সাফিয়া এলাকায় সোডারি অঞ্চলের উত্তর-পূর্বে অবস্থিত একটি বাজারে এ হামলা চালানো হয়। হামলার সময় বাজারে নারী, শিশু ও বয়স্কসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে এ ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলা হয়, সশস্ত্র সংঘাতে বেসামরিক নাগরিকদের সুরক্ষার নীতিমালা এ হামলার মাধ্যমে মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় ড্রোনের পুনঃপুন ব্যবহারকে উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে অভিহিত করা হয়েছে, যা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রাকে হুমকির মুখে ফেলছে।

তবে এ হামলার জন্য দায়ী পক্ষের নাম এখনো স্পষ্ট করা হয়নি। উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতে ইতোমধ্যে হাজারো প্রাণহানি ঘটেছে এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জাতিসংঘের তথ্য জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *