চোটের কারণে দীর্ঘ বিরতির পর মাঠে ফিরেই যেন নিজের পুরোনো ছন্দে ফিরে এলেন গ্যাব্রিয়েল জেসুস। আর্সেনালের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মঙ্গলবার দিবাগত রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে শুরুর একাদশে সুযোগ পেয়ে তা দারুণভাবে কাজে লাগালেন। তার জোড়া গোলেই সান সিরোতে ইন্টার মিলানকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা সপ্তম জয় তুলে নিয়েছে আর্সেনাল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্সেনাল। প্রথম মিনিটেই ইন্টারের গোলমুখে দুটি শট নেয় তারা। চতুর্থ মিনিটে বুকায়ো সাকার অনটার্গেট শটটি ঠেকিয়ে দেন ইন্টারের গোলরক্ষক ইয়ান সমের। তবে ১০ মিনিটে আর রক্ষা করতে পারেননি তিনি দারুণ দক্ষতায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন জেসুস।
তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্সেনাল। ১৮তম মিনিটে পেতার সুচিচের গোলে সমতায় ফেরে ইন্টার মিলান। ম্যাচে উত্তেজনা বাড়তে থাকে, আর বিরতিতে যাওয়ার আগেই আবারও জ্বলে ওঠেন জেসুস। সাকার কর্নার থেকে লিয়ান্দ্রো ট্রসার্ডের হেড করা বলটি মাথা ছুঁইয়ে জালে পাঠিয়ে আর্সেনালকে দ্বিতীয়বারের মতো লিড এনে দেন তিনি। ফলে ২-১০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
দ্বিতীয়ার্ধেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্সেনালের দখলে। ৭৫তম মিনিটে জেসুসের বদলি হিসেবে মাঠে নামা ভিক্টর গিওকারেস ৮৪তম মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা।
এই জয়ে টানা সাত ম্যাচ জিতে সর্বোচ্চ ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। সমান ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে নেমে গেছে ইন্টার মিলান। অন্যদিকে, ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদ এবং এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের এই ধারাবাহিকতা তাদের শিরোপা স্বপ্নকে আরও উজ্জ্বল করে তুলছে আর জেসুসের ফেরা যেন সেই স্বপ্নে নতুন জ্বালানি যোগ করেছে।

