বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের শিক্ষাব্যবস্থা সচল রাখতে সম্মিলিত মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণ নিশ্চিত করেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।
বুধবার (৮ এপ্রিল) অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। ‘বৈশ্বিক জ্বালানি সংকটে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা এবং বিদ্যুৎ সাশ্রয়ে শ্রেণিকক্ষে শিক্ষা কার্যক্রম পরিচালনায় পরবর্তী করণীয়’ শীর্ষক এ আয়োজনে তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান বিশ্ব জ্বালানি সংকটে বিপর্যস্ত এবং বাংলাদেশও এর প্রভাবের বাইরে নয়। তবে এ পরিস্থিতি মোকাবিলায় সরকার নানা উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ক্লাসের সময় কমানো, প্রাকৃতিক আলো ব্যবহার বৃদ্ধি এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার সীমিত করার মতো প্রস্তাব বিবেচনায় রয়েছে।
তিনি আরও বলেন, বাস্তবসম্মত সমাধান পেতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে মতামত সংগ্রহ করা হবে এবং সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের লক্ষ্য হলো সবার অংশগ্রহণের মাধ্যমে সংকট মোকাবিলা করে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা।
উল্লেখ্য, সেমিনারে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

