রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করলে দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এমদাদুল হক ভরসার অভিযোগ, ভোট গণনায় কারচুপি করে জনগণের রায় পরিবর্তন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। এর আগে শুক্রবার নগরীর হারাগাছ এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে একই অভিযোগ তোলেন।
দুপুর পৌনে ২টার দিকে ঘটনাস্থলে যান বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। তিনি প্রার্থীর সঙ্গে কথা বলে ঢাকার উদ্দেশে রওনা দেন। পরে দুপুর সোয়া ২টার দিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা সেখানে উপস্থিত হয়ে জানান, ভোট পুনর্গণনার বিষয়ে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে এবং প্রার্থীকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে সকাল থেকে হারাগাছ ও সাহেবগঞ্জ এলাকায় বিএনপি নেতাকর্মীরা বাঁশের ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ ও কোথাও কোথাও অগ্নিসংযোগ করে বিক্ষোভ প্রদর্শন করেন। একই দাবিতে পীরগাছা উপজেলায়ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রোববার রংপুর নগরীর পাবলিক লাইব্রেরি মাঠে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে।

