বাগেরহাটের সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে জানাজা শেষে একসঙ্গে দাফন করা হয়েছে এক মা ও তার ৯ মাস বয়সী শিশু সন্তানকে। হৃদয়বিদারক এই ঘটনায় কারাবন্দি স্বামী যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে মাত্র কয়েক মিনিটের জন্য স্ত্রী ও সন্তানের মরদেহ দেখার সুযোগ পান।
শনিবার (২৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে স্থানীয় কবরস্থানে কানিজ সুবর্ণা স্বর্ণালী (২২) ও তার শিশু সন্তান নাজিমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মা ও শিশুকে পাশাপাশি কবরে দাফন করা হয়।
এর আগে শনিবার সন্ধ্যায় মরদেহ বহনকারী একটি অ্যাম্বুলেন্স যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে পৌঁছায়। মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষ ছয়জন নিকট আত্মীয়সহ মরদেহ কারাগারের ভেতরে নেওয়ার অনুমতি দেন। এ সময় কারাবন্দি জুয়েল হাসান সাদ্দাম দূর থেকেই প্রায় পাঁচ মিনিটের জন্য স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখেন।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে নিজ বাড়ি থেকে কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। একই স্থান থেকে উদ্ধার করা হয় তার শিশু সন্তানের মরদেহ। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মানসিক হতাশা থেকে তিনি প্রথমে সন্তানকে হত্যা করে পরে আত্মহত্যা করেন।
উল্লেখ্য, নিহত নারীর স্বামী জুয়েল হাসান সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

