প্রধান খবর

মালয়েশিয়ার শ্রমবাজারে ফের সুযোগ, বাংলাদেশিদের জন্য আশার বার্তা

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর উদ্যোগে অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে শ্রম অভিবাসন প্রক্রিয়া সহজ করা, ব্যয় কমানো এবং স্বচ্ছ নিয়োগব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) মালয়েশিয়ার পুত্রজায়ায় অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি ছিল শ্রমবাজার বিষয়ক প্রথম গুরুত্বপূর্ণ সফর।

বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা অনুযায়ী বাংলাদেশি কর্মীদের নিয়োগ পুনরায় শুরু করার প্রক্রিয়া দ্রুততর করার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে একটি ন্যায়সঙ্গত, নৈতিক ও স্বচ্ছ নিয়োগ কাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

যৌথ বিবৃতিতে জানানো হয়, মধ্যস্থতাকারীর সংখ্যা কমানো, অভিবাসন ব্যয় হ্রাস, নির্ভরযোগ্য নিয়োগকারী সংস্থা নির্বাচন এবং দীর্ঘদিন আটকে থাকা কর্মীদের দ্রুত কাজে পাঠানোর বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া মালয়েশিয়ার পক্ষ থেকে প্রযুক্তিনির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নিয়োগব্যবস্থা চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়।

বাংলাদেশ এ ধরনের ডিজিটাল প্ল্যাটফর্ম বাস্তবায়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, সনদায়ন এবং তথ্য বিনিময়ের মাধ্যমে শ্রমবাজারকে আরও কার্যকর ও গতিশীল করার বিষয়েও দুই দেশ সম্মত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *