ভেনেজুয়েলার তেল বিক্রির প্রথম ধাপ থেকে প্রাপ্ত সম্পূর্ণ ৫০ কোটি মার্কিন ডলার দেশটির সরকারের কাছে হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক মার্কিন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, সর্বশেষ ধাপে ২০ কোটি ডলার ভেনেজুয়েলায় পাঠানো হয়েছে। এর মাধ্যমে তেল বিক্রির প্রথম পর্যায়ের পুরো অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রের বিবেচনায় এ অর্থ ভেনেজুয়েলার জনগণের কল্যাণে ব্যয় করা হবে। এর মাধ্যমে দেশটির সরকারি কার্যক্রম সচল রাখা এবং মৌলিক সেবাখাতগুলো টিকিয়ে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে মার্কিন কংগ্রেসে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছিল স্বল্পমেয়াদি ও সীমিত পরিসরের। এর লক্ষ্য ছিল দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং শিক্ষক, পুলিশ ও জরুরি সেবাকর্মীদের বেতন পরিশোধের সুযোগ সৃষ্টি করা।
মার্কিন কর্মকর্তারা জানান, অর্থটি সাময়িকভাবে কাতারে সংরক্ষিত ছিল এবং ভবিষ্যতে ভেনেজুয়েলার তেল বিক্রি থেকে প্রাপ্ত অর্থ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি নির্ধারিত তহবিলে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে, যেখান থেকে নির্দিষ্ট প্রক্রিয়ায় ব্যয়ের অনুমোদন দেওয়া হবে।
উল্লেখ্য, ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক চুক্তির অংশ হিসেবেই এই তেল বিক্রির ব্যবস্থা করা হয়।

