ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন খালেদ হোসেন মাহবুব। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ৪৭ হাজার ৮৯ ভোট বেশি পেয়ে জয় নিশ্চিত করেন। এ আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মোহাম্মদ আতাউল্লাহ পেয়েছেন ৬২ হাজার ৫৪৭ ভোট।
ব্রাহ্মণবাড়িয়া সদর, পৌরসভা ও বিজয়নগর উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ২৪ হাজার ৬০১ জন। এর মধ্যে ধানের শীষ প্রতীকের প্রার্থী খালেদ হোসেন পেয়েছেন ২ লাখ ৯ হাজার ৬৩৬ ভোট। মোট ভোট পড়েছে ২ লাখ ৯৫ হাজার ৮৫৫টি, যা শতকরা ৪৭ দশমিক ৩৭ শতাংশ। প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।
খালেদ হোসেন মাহবুব জেলা বিএনপির নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। পাশাপাশি তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) গ্র্যাজুয়েট ক্লাবের নির্বাচিত সভাপতি। এর আগে ২০১১ সালের উপনির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
জেলার অন্যান্য আসনেও বিএনপি প্রার্থীরা জয়লাভ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে মো. আবদুল মান্নান এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে জোনায়েদ সাকি নির্বাচিত হয়েছেন।
দলীয় নেতাদের প্রত্যাশা, রেকর্ড ভোটের ব্যবধানে বিজয়ের কারণে খালেদ হোসেন মাহবুব নতুন মন্ত্রিসভায় স্থান পেতে পারেন।

