প্রধান খবর

বিহারে ভয়াবহ ত্রিমুখী দুর্ঘটনায় নিহত ১৩

ভারতের বিহার রাজ্যে এক মর্মান্তিক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ন্যাশনাল হাইওয়ে-৩১-এর কাটিহার জেলার কোঢা ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে NDTV।

পুলিশ সূত্রে জানা যায়, একটি যাত্রীবাহী বাস, একটি ট্রাক এবং একটি পিকআপ ভ্যানের মধ্যে এই সংঘর্ষ হয়। কাটিহারের পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জনের মৃত্যু হয়, ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৩ জনে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনার সূত্রপাত ঘটে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পুরনিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *