প্রধান খবর

বিশ্বে ১০০ কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকট উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে, বর্তমানে ১ বিলিয়নেরও বেশি মানুষ বিভিন্ন মানসিক স্বাস্থ্য ব্যাধি বিশেষ করে উদ্বেগ ও বিষণ্ণতায় আক্রান্ত। এসব সমস্যা মানবিক ও অর্থনৈতিক উভয় ক্ষেত্রেই ব্যাপক প্রভাব ফেলছে।

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে প্রতি ১০০টি মৃত্যুর মধ্যে একটি আত্মহত্যাজনিত। ২০২১ সালে প্রায় ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছে। ডব্লিউএইচওর তথ্যমতে, প্রতিটি আত্মহত্যার বিপরীতে গড়ে ২০টি আত্মহত্যার চেষ্টা ঘটে। ১৫ থেকে ২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় এবং একই বয়সী পুরুষদের তৃতীয় প্রধান কারণ ছিল আত্মহত্যা যা তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটের গভীরতা নির্দেশ করে।

২০০০ থেকে ২০২১ সালের মধ্যে বৈশ্বিক আত্মহত্যার হার ৩৫ শতাংশ কমলেও ২০৩০ সালের মধ্যে এক-তৃতীয়াংশ কমানোর লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত। অঞ্চলভিত্তিক তথ্য বলছে, নিম্ন-আয়ের দেশগুলোতে আত্মহত্যার ঘটনা বেশি, আর যুক্তরাষ্ট্রে এ হার গত দুই দশকে বেড়েছে।

ডব্লিউএইচও আরও জানিয়েছে, ২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক ব্যাধিতে আক্রান্ত মানুষের সংখ্যা বিশ্ব জনসংখ্যা বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব ও কোভিড-১৯ মহামারি এ প্রবণতা বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। উদ্বেগের বিষয় হলো, বিশ্ব স্বাস্থ্য বাজেটের মাত্র ২ শতাংশ মানসিক স্বাস্থ্য খাতে ব্যয় হয় এবং হতাশায় আক্রান্তদের মাত্র ৯ শতাংশ চিকিৎসা পায়।

সংস্থাটির মহাপরিচালক সতর্ক করে বলেছেন, মানসিক স্বাস্থ্যসেবায় বিনিয়োগ ও কাঠামোগত পরিবর্তন এখন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *