প্রধান খবর

বিএনপির ৩ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রকাশ্যে অবস্থান নেওয়ার অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

রোববার (২৫ জানুয়ারি) ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা ও সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃত নেতারা হলেন— আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি এসএম খোসবুর রহমান খোকন, আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি রেজাউল করিম রেজা এবং পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সোজা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলার সুস্পষ্ট লঙ্ঘন ঘটেছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সব ধরনের সাংগঠনিক পদ-পদবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা জানান, নির্বাচনী সময়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাভঙ্গের ঘটনায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতাদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *