প্রধান খবর

বাংলাদেশ-শ্রীলঙ্কা পর্যটনে নতুন গতি

বাংলাদেশের সঙ্গে পর্যটন খাতে সহযোগিতা আরও জোরদার করেছে শ্রীলঙ্কা। এ লক্ষ্য নিয়ে ‘বিটুবি রোডশো এবং নেটওয়ার্কিং ইভেন্ট’ আয়োজন করে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরো, যেখানে দুই দেশের পর্যটন খাতের অংশীজনরা অংশগ্রহণ করেন।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ আয়োজনে অংশগ্রহণকারীরা পারস্পরিক ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণ ও যৌথ উদ্যোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নুজহাত ইয়াসমিন। তিনি বলেন, এ ধরনের অংশীদারিত্ব টেকসই পর্যটন ও সাংস্কৃতিক বিনিময়ের নতুন দিগন্ত উন্মোচন করবে।

বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপাল উইরাক্কোডি শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য ও আতিথেয়তাকে বাংলাদেশি পর্যটকদের জন্য আকর্ষণীয় হিসেবে উল্লেখ করেন। একইসঙ্গে শ্রীলঙ্কা পর্যটন প্রমোশন ব্যুরোর চেয়ারম্যান বুদ্ধিকা হেওয়াসাম দেশটিকে নিরাপদ ও বৈচিত্র্যময় ভ্রমণ গন্তব্য হিসেবে তুলে ধরেন এবং বিশেষ ট্রাভেল প্যাকেজ চালুর পরিকল্পনার কথা জানান।

এছাড়া শ্রীলঙ্কান এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক ফাওজান ফরিদ উন্নত বিমান যোগাযোগ ও প্রতিযোগিতামূলক ভাড়ার মাধ্যমে ভ্রমণ সহজতর করার কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ সংশ্লিষ্ট শিল্প নেতারা শ্রীলঙ্কায় আউটবাউন্ড পর্যটন সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন।

বিটুবি সেশনে দুই দেশের প্রতিনিধিরা যৌথ ট্যুর প্যাকেজ ও বাজার সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন। আয়োজনে একটি নেটওয়ার্কিং ডিনারের মাধ্যমে সমাপ্তি ঘটে। আয়োজকরা আশা করছেন, এ উদ্যোগের মাধ্যমে বাংলাদেশি পর্যটকদের জন্য শ্রীলঙ্কা একটি সাশ্রয়ী ও জনপ্রিয় গন্তব্য হিসেবে আরও সুপ্রতিষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *