প্রধান খবর

নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, র‌্যাপার থেকে দেশের শীর্ষ নেতৃত্বে উত্থান

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বালেন্দ্র শাহ, যিনি ‘বালেন’ নামেই বেশি পরিচিত। গত বছর জেন-জিদের নেতৃত্বে সরকার পতনের পর মার্চের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ভূমিধস জয় পায়। শুক্রবার (২৭ মার্চ) শপথ গ্রহণের মধ্য দিয়ে মাত্র ৩৫ বছর বয়সেই তিনি আনুষ্ঠানিকভাবে দেশের নেতৃত্ব গ্রহণ করেন।

শপথের আগে বালেন্দ্র একটি গান প্রকাশ করেন, যেখানে নেপালের ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন। রাজনীতিতে আসার আগে তিনি ছিলেন আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র‌্যাপার ও গীতিকার, যিনি দুর্নীতি ও বৈষম্যের মতো সামাজিক ইস্যু নিয়ে নিয়মিত গান লিখতেন। পরবর্তীতে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে বড় দলগুলোর প্রার্থীদের হারিয়ে ৬১ হাজারের বেশি ভোটে জয়ী হন। মাত্র তিন বছরের মেয়রত্বেই তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্ম নেওয়া বালেন্দ্র সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেন এবং ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার রাজনৈতিক উত্থানের পেছনে বড় ভূমিকা ছিল তরুণদের আন্দোলনের। গত বছরের সেপ্টেম্বরে সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি হঠাৎ করে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দিলে তরুণরা ক্ষুব্ধ হয়ে ওঠে এবং মাত্র এক সপ্তাহের মধ্যেই ওলির সরকারের পতন ঘটে।

বালেন্দ্র শাহের শপথ গ্রহণের মধ্য দিয়ে নেপাল নতুন এক রাজনৈতিক অধ্যায়ে প্রবেশ করল। তরুণদের প্রত্যাশা তিনি দুর্নীতি দমন, স্বচ্ছতা ও প্রশাসনিক সংস্কারে নতুন দৃষ্টান্ত স্থাপন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *