প্রধান খবর

নিউইয়র্কে তীব্র শীত, প্রাণহানি ১৮

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে চলমান তীব্র শীতজনিত কারণে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। শহরের মেয়র এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, জানুয়ারির শেষ ভাগ থেকে নিউইয়র্কে অস্বাভাবিক ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে, যা গত ছয় দশকের মধ্যে বিরল।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, প্রায় ১৩ দিন ধরে শহরটিতে তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে অবস্থান করছে। সোমবার মেয়র জোহরান মামদানি বলেন, সম্প্রতি শহরের রাস্তায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি প্রতিটি প্রাণহানিকে গভীর ট্র্যাজেডি উল্লেখ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

মেয়র আরও জানান, পরিস্থিতি মোকাবিলায় ১৯ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর পর থেকে প্রায় ১ হাজার ৪০০টি স্থান অস্থায়ী আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। নিহতদের মধ্যে অন্তত ১০ জনকে বাড়ির বাইরে পাওয়া গেছে বলে আগেই জানানো হয়েছিল, বাকিদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।

মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, আগামী কয়েক দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে তীব্র শীত ও তুষারপাতের ঝুঁকি পুরোপুরি কাটেনি। নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার এবং একে অপরের খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *