কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন এলাকায় মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন সৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উত্তর লম্বরী ও মিটাপানির ছড়া নৌঘাট সংলগ্ন উপকূল থেকে অজ্ঞাত পরিচয়ের মরদেহ দুটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সৈকতের তীরে দুটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে টেকনাফ মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পর উপপরিদর্শক আব্দুস সালামকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছে এবং মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তসহ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের পর বিস্তারিত তথ্য জানানো হবে।

