প্রধান খবর

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান

সব ধরনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলতে সম্মতি দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের নির্দেশনায় আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে নির্ধারিত ম্যাচে অংশ নেবে পাকিস্তান জাতীয় দল।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় শেহবাজ শরিফ জানান, বহুপাক্ষিক আলোচনার ইতিবাচক অগ্রগতি এবং বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ক্রিকেটের চেতনা বজায় রাখা এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনে ধারাবাহিকতা রক্ষাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।

নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত সফর বাতিলের ঘটনায় টুর্নামেন্টে জটিলতা তৈরি হয়। এর প্রতিবাদে পাকিস্তানও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। বিষয়টি ঘিরে আন্তর্জাতিক ক্রিকেটে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা তীব্র হয়।

পরিস্থিতি নিরসনে রোববার আইসিসি ও বিসিবি প্রধানদের সঙ্গে লাহোরে পিসিবি কর্মকর্তাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকের পরদিনই পাকিস্তান নিজেদের আগের অবস্থান থেকে সরে আসে। ম্যাচ বয়কট করলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারানোর ঝুঁকিও সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

এদিকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম পাকিস্তানের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ক্রিকেট বিশ্বের বৃহত্তর স্বার্থে এটি একটি ইতিবাচক ও প্রশংসনীয় পদক্ষেপ। দীর্ঘদিনের রাজনৈতিক বৈরিতার কারণে ভারত ও পাকিস্তান সাধারণত কেবল আইসিসি বা বহুজাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয়ে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *