ঝালকাঠিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব রাইয়ান বিন কামালসহ সংগঠনটির ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে যোগদান করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে জেলা শহরের সাধনার মোড় সংলগ্ন বিএনপির প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের এ যোগদান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ঝালকাঠি-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টো নবাগতদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলে স্বাগত জানান। তিনি বলেন, তরুণদের সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করবে।
যোগদানকারী নেতাকর্মীদের পক্ষে বক্তব্যে রাইয়ান বিন কামাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল ছিল না; এটি ছিল দাবি আদায়ের একটি প্ল্যাটফর্ম। ছাত্রদলের আদর্শ, সাংগঠনিক কাঠামো ও দেশপ্রেমমূলক রাজনীতিতে অনুপ্রাণিত হয়েই তারা এই সংগঠনে যুক্ত হয়েছেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য মনিরুল ইসলাম নূপুর, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

