চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা প্রস্তুতের কাজ শুরু করেছে Rapid Action Battalion (র্যাব)। তালিকা প্রণয়ন শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাহিনীটি।
শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক MZM Entekhab Chowdhury। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এই তালিকা তৈরির কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও জানান, র্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠপর্যায়ে কাজ শুরু করেছে এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। তালিকায় অন্তর্ভুক্তদের বিরুদ্ধে যে কোনো সময় অভিযান পরিচালনা করা হতে পারে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, চাঁদাবাজি কোনো নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। পরিবহন খাতে মহাসড়কভিত্তিক চাঁদাবাজি, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ প্রয়োগ সব ধরনের অপরাধই তালিকার আওতায় আনা হচ্ছে।
এছাড়া অনেক ভুক্তভোগী নিরাপত্তাজনিত কারণে অভিযোগ করতে না পারলেও গোয়েন্দা তথ্য ও অনুসন্ধানের ভিত্তিতে তালিকা প্রস্তুত করা হচ্ছে। তালিকায় রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলেও কোনো পক্ষপাতিত্ব করা হবে না বলেও জানান তিনি।

