প্রধান খবর

ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক হামলা, নিহত ৩

ক্যারিবীয় সাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন সামরিক বাহিনী পরিচালিত হামলায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড (সাউথকম) এক বিবৃতিতে জানিয়েছে।

সাউথকমের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন মাদক পাচারকারীদের বিরুদ্ধে ‘লিথাল কাইনেটিক স্ট্রাইক’ পরিচালনা করা হয়। তাদের দাবি, নৌযানে অবস্থানকারীরা ‘নার্কো-টেররিস্ট’ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ সংক্রান্ত কোনো স্বাধীন প্রমাণ বা বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সামরিক বাহিনী প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ক্ষেপণাস্ত্র আঘাতে নৌযানটি আগুনে পুড়ে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক জলসীমায় এ ধরনের হামলা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগ রয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে শুরু হওয়া অভিযানে এ পর্যন্ত অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। একই ধরনের আরেকটি অভিযানে পূর্ব প্রশান্ত মহাসাগরেও দুইজন নিহত হওয়ার তথ্য জানিয়েছে সাউথকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *