বিশ্বজুড়ে কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা জোরদারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। এ সিদ্ধান্তের ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে থাকা এআই চরিত্রগুলোর সঙ্গে কিশোরদের যোগাযোগ আপাতত বন্ধ থাকবে।
শনিবার (২৪ জানুয়ারি) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, কিশোরদের জন্য বিদ্যমান এআই সুবিধা বন্ধ রেখে তাদের উপযোগী নতুন ও নিরাপদ সংস্করণ তৈরির কাজ করছে মেটা। নতুন ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত মেটার সব অ্যাপে এআই ব্যবহারে কিশোরদের প্রবেশ সীমিত থাকবে। বয়স যাচাই প্রযুক্তির মাধ্যমে যাদের অপ্রাপ্তবয়স্ক হিসেবে শনাক্ত করা হবে, তাদের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে।
মেটার হালনাগাদ ব্লগ পোস্টে বলা হয়েছে, ২০২৫ সালের নিরাপত্তা প্রিভিউ ঘোষণার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এতে অভিভাবকদের জন্য বাড়তি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়, যাতে তারা সন্তানের এআই ব্যবহারের ওপর নজরদারি ও প্রয়োজনীয় সীমাবদ্ধতা আরোপ করতে পারেন।
প্রতিষ্ঠানটি আরও জানায়, নতুন করে চালু হওয়া এআই চরিত্রগুলো পিজি-১৩ মানদণ্ড অনুসরণ করবে এবং এতে অনুপযুক্ত বা প্রাপ্তবয়স্ক কনটেন্ট থেকে কিশোরদের সুরক্ষা নিশ্চিত করা হবে।

