কুষ্টিয়ার খোকসায় কবরস্থানের উন্নয়ন কাজকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল ৯টার দিকে গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া বড়ইচারা কবরস্থানে মাটি ভরাটের কাজ শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দীর্ঘদিন ধরে উভয় গ্রামের মানুষ কবরস্থানটি ব্যবহার করলেও সাম্প্রতিক উন্নয়ন উদ্যোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তীব্র হয়।
স্থানীয় সূত্র জানায়, সকালে সাতপাখিয়া গ্রামের কয়েকজন মাঠে কাজ করতে গেলে দেখতে পান কবরস্থানের নিচু জায়গায় মাটি ভরাট করা হচ্ছে। এ সময় বড়ইচারা গ্রামের ২০০-৩০০ জন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের দিকে এগিয়ে আসে। মুহূর্তেই উভয় গ্রামের লোকজন জড়ো হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১৫ জন আহত হন।
সাতপাখিয়া গ্রামের বাসিন্দা সুজন শেখ বলেন, তারা কোনো উত্তেজনা ছাড়াই মাঠে কাজ করছিলেন, কিন্তু হঠাৎ বড়ইচারার লোকজন হামলার উদ্দেশ্যে এগিয়ে আসে। এরপর দুই গ্রামের মধ্যে ব্যাপক ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

