দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবরাকোন্ডা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজস্থানের উদয়পুর-এ রাজকীয় আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পারিবারিক সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে এই তারকা জুটি জীবনের নতুন অধ্যায় শুরু করেন।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সকাল ১০টা ১০ মিনিটে মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভক্তদের দেওয়া জনপ্রিয় নাম ‘ভিরোশ’ দুই তারকার নামের সমন্বয়ে গঠিত নিয়েও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। পুরো আয়োজন ছিল কড়া গোপনীয়তায় আচ্ছাদিত।
রাশমিকা ও বিজয়ের পরিচয় ও ঘনিষ্ঠতা গড়ে ওঠে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড চলচ্চিত্রে একসঙ্গে কাজের মাধ্যমে। দীর্ঘদিন সম্পর্কের বিষয়টি ‘বন্ধুত্ব’ হিসেবে উল্লেখ করলেও সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেন।
বিয়ের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছাবার্তার ঢল নামে। তবে অনলাইনে প্রচারিত বহু ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বলে জানা গেছে। নবদম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিক ছবি ও ভিডিও প্রকাশের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
দক্ষিণী চলচ্চিত্র অঙ্গন ছাড়িয়ে সর্বভারতীয় জনপ্রিয়তা অর্জনকারী এই দুই তারকার বিয়ে চলতি বছরের বিনোদন জগতের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

