যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার পৌঁছানো এই দলের নেতৃত্বে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
তবে আলোচনার সম্ভাবনা এখন অনিশ্চয়তায় ঘেরা। এর মূল কারণ লেবাননকে ঘিরে নতুন উত্তেজনা। গত বুধবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানান, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননও থাকবে। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা দেন লেবানন এতে অন্তর্ভুক্ত নয়। এরপরই লেবাননে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী, যাতে দুই শতাধিক মানুষ নিহত এবং প্রায় ১ হাজার ২০০ জন আহত হন।
ইরান এখন স্পষ্ট শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র যদি আলোচনায় বসতে চায়, তবে লেবাননে ইসরায়েলের হামলা বন্ধ করতে হবে। কিন্তু এখন পর্যন্ত ইসরায়েল সেই শর্ত মানেনি। এই অবস্থায় আলোচনার ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে।
এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরান ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপ স্থগিত করেছে। তাদের দাবি, ইরান চায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতিতে লেবাননকেও অন্তর্ভুক্ত করা হোক।
পরিস্থিতি কোন দিকে মোড় নেবে, তা নির্ভর করছে লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান পরিবর্তনের ওপর।

