ইরানকে লক্ষ্য করে ‘চূড়ান্ত হামলার’ ভাবনা, ট্রাম্পের নির্দেশনায় নতুন উত্তেজনা

ইরানের বিরুদ্ধে সামরিক হামলার চিন্তা এখনো পুরোপুরি সরিয়ে রাখেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানে আঘাত হানার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে তিনি তার ঘনিষ্ঠ সহযোগীদের নির্দেশ দিচ্ছেন এমন তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল। সংবাদমাধ্যমটির দাবি, ট্রাম্প আগে হামলার প্রস্তুতি স্থগিত রাখতে বললেও এখন আবার নতুন সামরিক পরিকল্পনা চাওয়ার নির্দেশ দিয়েছেন।

মার্কিন কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়, আলোচনার সময় ট্রাম্প ইরানে সম্ভাব্য আঘাতকে একাধিকবার ‘চূড়ান্ত হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। তার নির্দেশনার পর হোয়াইট হাউস ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বিভিন্ন ধরনের সামরিক অপশন তৈরি করেছে। এর মধ্যে রয়েছে ইরানের সরকার পতনের পরিকল্পনা থেকে শুরু করে ইসলামিক বিপ্লবী গার্ডের অবকাঠামোতে সীমিত হামলার প্রস্তাবও।

তবে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্প শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেবেন তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতি দ্রুত বদলাতে পারে বলেও তারা ইঙ্গিত দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটি এসেছে এমন এক সময়ে, যখন মধ্যপ্রাচ্যের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও যুদ্ধবিমান। এগুলো আগে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নতুন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে ইরান কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আঘাত হানবে। হামলা শুরু হলে প্রতিক্রিয়া আসবে সঙ্গে সঙ্গেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *